নির্ধারিত সময়ের পর প্রচারণা: জামায়াত কর্মীকে জরিমানা
পাবনার ভাঙ্গুড়ায় নির্ধারিত সময়ের পর নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে জামায়াত
ইসলামের এক কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করে জামায়াত কর্মী বরাত হোসেন (২২) কে ১০ হাজার টাকা জরিমানা করেন। বরাত হোসেন ওই গ্রামের
আনোয়ার হোসেনের ছেলে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে
৭টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকার কথা। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে
সকাল আনুমানিক ১০টার দিকে বরাত হোসেন চরভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের পক্ষে প্রচারণা
চালাচ্ছিলেন।প্রচারণাকালে তিনি প্রার্থীর ছবি, মার্কা ও ভোটার নম্বর সংবলিত ভোটার স্লিপ
বাড়ি বাড়ি বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত
করেন। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, প্রার্থীর ছবি, মার্কা
ও নাম সংবলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পর প্রচারণা চালানোর মাধ্যমে জাতীয় সংসদ
নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে ২৭(ক) ধারায় বরাত
হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এনএম/ধ্রুবকন্ঠ