যশোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও যশোর পৌরসভার উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে একটি র্যালি বের করা হয়। সকাল ১০টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে এবং যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার উপস্থিতিতে আয়োজিত র্যালিতে চিকিৎসক, স্টাফ নার্স ও ওয়ার্ড বয়রা অংশ নেন।র্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।অন্যদিকে একই দিনে যশোর প্রশাসনের কার্যালয়ে যশোর পৌরসভার উদ্যোগে এডিস মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং জনসচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রতি শনিবার পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। তাই বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনএম/ধ্রুবকন্ঠ