ফুটবল দুনিয়ার একই দিনে রোনালদো-নেইমারের জন্মদিন আজ
বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের আজ
জন্মদিন। ভিন্ন
দেশ ও ভিন্ন ঘরানার ফুটবল শৈলী নিয়ে বিশ্ব শাসন করলেও, কাকতালীয়ভাবে এই দুই তারকার জন্ম একই দিনে—৫ ফেব্রুয়ারি। পর্তুগিজ যুবরাজ রোনালদো আজ পা রাখলেন ৪১ বছরে, আর ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের বয়স হলো ৩৪।বয়সকে স্রেফ সংখ্যায় পরিণত করে রোনালদো আজও মাঠে গোলমেশিন হিসেবে দাপট দেখাচ্ছেন। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে আবারও চেনা ছন্দে ফেরার লড়াইয়ে আছেন নেইমার। একজন ফুটবলের চরম শৃঙ্খলা ও পরিশ্রমের প্রতীক, অন্যজন শৈল্পিক ড্রিবলিং আর জাদুকরী ছন্দের কারিগর। দুই প্রজন্মের এই দুই মহাতারকার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। ক্লাব সতীর্থ থেকে শুরু করে কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সিআরসেভেন ও নেইমার। ফুটবল ইতিহাসের পাতায় দিনটি সবসময়ই এক অনন্য মাহাত্ম্য বহন করবে।জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দুজনই। কিন্তু উদযাপনের পাশাপাশি ফুটবল বিশ্বে চলছে আরেকটি আলোচনা, চলতি বছরের (২০২৬ সাল) বিশ্বকাপের পর জাতীয় দল থেকে তাদের অবসর সম্ভাবনা।বয়সের সংখ্যাকে হার মানিয়ে রোনালদো এখনো রয়েছেন ক্যারিয়ারের তুঙ্গে। তাঁর অবিশ্বাস্য ফিটনেস ও গোল করার ক্ষুধা প্রমাণ করে যে, তিনি ফুরিয়ে যাননি। পর্তুগাল জাতীয় দলের প্রাণভোমরা হিসেবে আসন্ন বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই দল মাঠে নামবে—এমনটাই প্রত্যাশা ফুটবল বিশ্বের। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলবদল নিয়েও চলছে তীব্র আলোচনা। সৌদি ক্লাব আল নাসর ছেড়ে রোনালদো আবার ইউরোপে ফিরবেন নাকি অন্য কোনো গন্তব্যে পাড়ি দেবেন, সেই গুঞ্জন সাম্প্রতিক সময়ে ফুটবল পাড়ায় নতুন উত্তাপ ছড়িয়েছে। সিআরসেভেনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানতে মুখিয়ে আছেন কোটি ভক্ত।অন্যদিকে, নেইমারের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। বারবার চোটে পড়ায় ক্যারিয়ারের বড় সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। অনেকের মতে, এ কারণেই এবারের বিশ্বকাপই হতে পারে ব্রাজিল তারকার শেষ বিশ্বমঞ্চ। সাম্প্রতিক এক অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং আগামী মাসের প্রীতি ম্যাচগুলোর আগে কোচ কার্লো আনচেলত্তিকে নিজের ফিটনেস প্রমাণে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
এনএম/ধ্রুবকন্ঠ