ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জনসভায় যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল ভ্রমণকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে আয়োজিত জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এই উপলক্ষে কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে জোর প্রস্তুতি চলছে।দলীয় সূত্র জানায়, এদিন প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতারা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা নানামুখী প্রস্তুতি গ্রহণ করছেন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।জানা গেছে, তিনদিনের উত্তরাঞ্চল সফরের শেষ দিনে শনিবার বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। সরেজমিনে দেখা যায়, তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বিএনপির নেতৃবৃন্দ নিয়মিতভাবে ঘটনাস্থল পরিদর্শন করছেন। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও সমাবেশস্থল পরিদর্শন করছেন। মহাসড়কের পাশে বিস্তীর্ণ এলাকায় মাঠ ও মঞ্চ সাজানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দের উৎসব বইছে। নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।“ এই বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।   এনএম/ধ্রুবকন্ঠ

জনসভায় যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান