ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিশ্বকাপ বয়কট ইস্যুতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তানকে নিয়ে জটিলতায় আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারের চ্যাম্পিয়নরা অংশ নেয় কি না সেটাই এখন বড় প্রশ্ন। এই ইস্যুতে খুব শিগগিরই নিজেদের অবস্থান জানাবে পাকিস্তান।টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ কিংবা বর্জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতে যেতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছিলেন নাকভি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শেহবাজ শরীফের দিকে তাকিয়ে ছিলেন পিসিবি চেয়ারম্যান। আজ বৈঠক শেষে নাকভি জানিয়েছে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি সব ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের একটি ছবি এক্সে পোস্ট করেছেন নাকভি আর ক্যাপশনে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইসিসি বিষয়ক সর্বশেষ পরিস্থিতি তাঁকে অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যে সব ধরনের বিকল্প খোলা রেখে বিষয়টির সমাধান করতে হবে। সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার গ্রহণ করা হবে।’ অনিশ্চয়তার মাঝে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল দিয়েছে পিসিবি। এরপর বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেছিলেন নাকভি। বেশ কিছু পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি প্রধানকে সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজমরা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্তে বোর্ড এবং সরকারের সঙ্গে আছেন তাঁরা।  এমএইছ/ধ্রুবকন্ঠ

বিশ্বকাপ বয়কট ইস্যুতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে পাকিস্তান