ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যশোরে ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ নারী আটক

যশোর শহরে ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে মরণনেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক কাঁচামালসহ এক নারীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরের মণিহার সিনেমা হল সংলগ্ন বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া নারীর নাম শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর থানার আখড়া খোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালি থানাধীন মণিহার মোড়ে ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় সন্দেহভাজন শাপলা খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে ঈগল পরিবহনের বক্স তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।তল্লাশিকালে জব্দকৃত বস্তা থেকে ২৫ কেজি 'এফিড্রিন' বা 'সিউডোএফিড্রিন' এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত এই রাসায়নিকগুলো উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, বড় কোনো মাদক তৈরির ল্যাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই চালানটি নেওয়া হচ্ছিল।যশোর ডিবি পুলিশ জানায়, এই বিপুল পরিমাণ নিষিদ্ধ রাসায়নিক উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার (১৩ মার্চ) সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।  এনএম/ধ্রুবকন্ঠ

যশোরে ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ নারী আটক