ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টার দিয়ে নির্বাচনী সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তারেক রহমানের এই নির্বাচনি সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবারের সফরে নিরাপত্তাজনিত কারণে এবং দ্রুত যাতায়াতের সুবিধার্থে তিনি সড়কপথের পরিবর্তে হেলিকপ্টার ব্যবহার করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।তারেক রহমানের এই সফরের তারিখ (শনিবার) নির্ধারিত হলেও এখনো চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। দলীয় নেতাদের তথ্য অনুযায়ী, নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সফরের সুনির্দিষ্ট সময় জানানো হবে। এই সফরে তিনি মূলত বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান।জনসভায় অংশগ্রহণের পাশাপাশি এই সফরে তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচিও রয়েছে। নির্বাচনী সফরকালে তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা যায়। নির্বাচনি উত্তাপের মধ্যে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে নেতাকর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনী সফরকে কেন্দ্র করে তিন জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি মেনেই এই জনসভাগুলো আয়োজন করা হবে। উত্তরাঞ্চলের এই সফর শেষ করে তারেক রহমান পরবর্তী নির্বাচনি জনসভার জন্য অন্য কোনো অঞ্চলে যাত্রা করবেন কি না, তা এখনো স্পষ্ট করা হয়নি।বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটের মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।‎ এনএম/ধ্রুবকন্ঠ

‎শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান