আলীকদম–থানচি সড়কে চলাচলে স্বস্তি
বান্দরবানের আলীকদম–থানচি দুই উপজেলা অভ্যন্তরীণ সড়কের প্রায় ৩৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে খানা-খন্দ ও বড় গর্তে ভরে থাকায় যান চলাচলে চরম ভোগান্তি ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই মাসের সংস্কার কাজ সম্পন্ন করেছে এখন সড়কটি অনেকটাই চলাচলযোগ্য হয়ে উঠেছে।বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) গত ফেব্রুয়ারী থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশে মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করে।শনিবার (৭ মার্চ) দুপুরে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।সরেজমিনে দেখা যায়, আলীকদম জিরো পয়েন্ট থেকে থানচি জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গর্ত ভরাট ও ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে।জিপচালক লোকমান হাকিম বলেন, আগে গর্তের কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ ছিল। সংস্কারের ফলে এখন চলাচল অনেক সহজ হয়েছে।কক্সবাজার বাসিন্দা বাইকার মো: আলমগীর হোসেন জানান, অক্টোবরে থানচি ভ্রমণে এসে দামতোয়ার পার হয়ে ডিম পাহাড়সহ কয়েকটি স্থানে সড়কের বেহাল অবস্থার কারণে গাড়ি চালাতে দুর্ভোগ পোহাতে হয়েছিল। এবার এসে তিনি পুরো পথকে অনেক বেশি মসৃণ ও নিরাপদ মনে করেছেন।স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার হওয়ায় যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি পর্যটকদের যাতায়াতও সহজ হবে। এতে থানচি ও আশপাশের পর্যটন এলাকার সম্ভাবনা আরও বাড়বে।
এনএম/ধ্রুবকন্ঠ