ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের: আইসিসির জরুরি সভা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল রবিবার (১ জানুয়ারি) বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারত ম্যাচ বয়কটের ঘোষণার পর আজ সোমবার (০২ জানুয়ারি) পাকিস্তানকে নিয়ে জরুরি বোর্ড সভা ডেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।আইসিসির এই জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্তের কথা গতকাল রবিবার পাকিস্তান জানায়। পাকিস্তান সরকারের ‘বেছে বেছে’ ম্যাচ খেলার এই সিদ্ধান্তের খবর দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজরে আসে। যদিও এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি, তবুও বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করেছে।আইসিসির মতে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে সমান নিয়ম ও সুযোগের ভিত্তিতে খেলতে হবে। কোনো দল যদি নির্বাচিত কিছু ম্যাচে অংশ নেয় এবং অন্য ম্যাচ এড়িয়ে চলে, তাহলে তা টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি বিভিন্ন দেশের সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই অবস্থান বিশ্ব ক্রিকেটের জন্য যেমন নেতিবাচক প্রভাব ফেলবে, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্তের জন্যও এটি হতাশাজনক। বিবৃতিতে আরও বলা হয়, আইসিসি আশা করছে—পিসিবি এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কারণ এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করতে পারে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ ও সুবিধাভোগী নিজেই পিসিবি। আইসিসির প্রধান লক্ষ্য সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা উল্লেখ করে সংস্থাটি জানায়, তারা আশা করে পিসিবি এমন একটি সমাধানের পথে এগোবে, যাতে ক্রিকেটের স্বার্থ ও টুর্নামেন্টের মর্যাদা অক্ষুণ্ন থাকে। সূত্র: জিও সুপার    এনএম/ধ্রুবকন্ঠ

ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের: আইসিসির জরুরি সভা