বান্দরবানের আলীকদম উপজেলায় গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ও অনাথ শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।৫৭ বিজিবি আলীকদম উপজেলা ছাড়াও দির্ঘদিন থেকে থানচি উপজেলার ১০ টি বিওপি ক্যাম্প পরিচালনা করে আসছে। মঙ্গলবার (১০ মার্চ) আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নের শারীরিকভাবে অক্ষম ও গুরুতর অসুস্থ ১৩ জন ব্যক্তির হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন। একই সঙ্গে চারজন অনাথ শিক্ষার্থীকে লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও আলীকদম ব্যাটালিয়ন নিয়মিত ভূমিকা রেখে আসছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়ে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সহমর্মিতা জোরদারে কাজ করছে বাহিনীটি।অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও স্থানীয় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এনএম/ধ্রুবকন্ঠ