ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক

নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্ব না নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো ধরনের আবেগ নয়, বরং পাহাড়ের মতো অটল থেকে সক্ষমতা ও শৃঙ্খলার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে’।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এক প্রস্তুতিমূলক সমাবেশে এসব কথা বলেন তিনি। বগুড়া জেলার ১২টি উপজেলার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মনোনীত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদস্যদের সতর্ক করে বলেন, ‘অনিয়েমের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি চলে গেলেও কেউ এই স্বচ্ছ সিস্টেম পরিবর্তন করতে পারবে না। যারা দায়িত্ব পালনে সক্ষম নন, তাদের জন্য অন্য ব্যবস্থা করা হবে’।মহাপরিচালক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এবারই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং ডাটাবেজভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য সদস্যদের যাচাই-বাছাই করে মোতায়েন করা হচ্ছে।বগুড়ার ১২টি উপজেলার কয়েক হাজার সদস্যের উপস্থিতিতে এই সমাবেশে বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।  এনএম/ধ্রুবকন্ঠ

ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক