পাকিস্তান সুপার
লিগের (পিএসএল) আসন্ন আসরেও মাঠ মাতাবেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।
গত দুই আসরের মতো এবারও তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এই বাঁহাতি
পেসারকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিটি ব্যয় করেছে প্রায় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি,
যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।
মোস্তাফিজকে ধরে
রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কর্তৃপক্ষ। মূলত পিএসএলে গত কয়েক
মৌসুমে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তার ওপর আবারও আস্থা রাখলো বর্তমান
চ্যাম্পিয়নরা।
পিএসএলে সুযোগ পেয়ে আবেগঘন বার্তা দিয়েছেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘আমি সম্মানিত, লাহোর আমাকে বেছে নিয়েছে। তাদের হয়ে পিএসএল খেলব ভেবে আনন্দিত। দলটির সাথে আমার সম্পর্ক নতুন নয়, আমি সেখানকার পরিবেশ, ভক্তদের প্যাশন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে জানি। লাহোরকে সবসময়ই নিজের পরিবারের মতো মনে হয়েছে। আবারো এই জার্সি পরতে এবং দলের জন্য নিজেকে নিংড়ে দিতে আমি প্রস্তুত।’
পিএসএলে
৩ বার শিরোপা জিতেছে লাহোর, বর্তমান চ্যাম্পিয়নও তারা। দলের প্রশংসা করে মুস্তাফিজ বলেন, ‘গত ৫ বছর ধরে লাহোর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা একটা দল যাদের সমর্থকরা আবেগপ্রবণ এবং এমন একটা ড্রেসিংরুম যা খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। সেই ড্রেসিংরুমে ফিরে যাওয়া যেখানে আপনি আগে থেকেই ছিলেন, সত্যিই বিশেষ কিছু।’
তিনি
আরও বলেন, ‘শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা অক্ষুণ্ণ রাখতে এবং দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে, মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি। লাহোর কালান্দার্সের অংশ হওয়া ক্রিকেটের চেয়ে বেশি কিছু। এটা এমন এক জায়গা, এমন এক সংস্কৃতি, এমন ফ্যানবেজ- যাদের প্রতিনিধিত্ব করতে গেলে সবসময় প্রেরণা কাজ করে।’
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন