ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলের সংস্কার জরুরি

রাষ্ট্র সংস্কারের চেয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার এখন বেশি জরুরি—এমন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, স্বচ্ছতা ও দায়বদ্ধতা ছাড়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর হতে পারে না। জনগণের আস্থা পুনঃস্থাপনে রাজনৈতিক দলগুলোকেই আগে জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘স্বচ্ছতা, দায়বদ্ধতা ও শাসন প্রক্রিয়া’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন বক্তারা।অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেন, ‘স্বচ্ছতা, দায়বদ্ধতা ও স্বাধীনতা—এই তিনটি বিষয়ের ওপরই শাসনব্যবস্থা দাঁড়িয়ে আছে। সরকারি তথ্য অতিরঞ্জিত করা মানেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করা। নির্বাচিত সরকার কোনো দলের নয়, পুরো দেশের সরকার—এ কথা মনে রাখতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত না হলে জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব নয়।’সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা কেবল প্রশাসনিক বিষয় নয়; এগুলো সরাসরি রাজনৈতিক শক্তির ব্যবহার ও নাগরিক অধিকারের সঙ্গে জড়িত। শাসনব্যবস্থা কার জন্য এবং কোনো দায়বদ্ধতার কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে—এই প্রশ্নের স্পষ্ট উত্তর রাজনৈতিক দলগুলোকেই দিতে হবে। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে প্রশাসনে পক্ষপাতিত্ব ও দলীয় প্রভাব বেড়ে গেলে গণতন্ত্র দুর্বল হয় এবং জনগণের আস্থা নষ্ট হয়। এমএইছ/ধ্রুবকন্ঠ  

রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলের সংস্কার জরুরি