গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চা চক্র ও বই পাঠের আড্ডা
ময়মনসিংহের গৌরীপুরে আলোচিত চা–বিক্রেতা হারুন মিয়ার পাঠাগারে অনুষ্ঠিত হলো বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমধর্মী বই পাঠের আড্ডা।গত সোমবার
(২৯ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের সতিষা মহল্লার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত হারুন পাঠাগারে এ আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর শাখা।মানুষকে বইমুখী করার অনন্য উদ্যোগ হিসেবে ২০২৩ সালে চা–স্টলের পাশেই শতাধিক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু করেন হারুন মিয়া। চা বিক্রির পাশাপাশি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত।চা–স্টলের পাশাপাশি পাঠাগার স্থাপন, মাদকবিরোধী আন্দোলন, মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা বিক্রি এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের কারণে তিনি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। ব্যতিক্রমী এই উদ্যোগটি বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা, নন্দিত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করে। তার অনুপ্রেরণায় গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে হারুন পাঠাগারে বই পাঠানো হয়। এর আগেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার লেখক এবং বইপ্রেমীরা এখানে বই উপহার দিয়েছেন।গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু বলেন,
‘হারুন মিয়া গৌরীপুর উপজেলার একজন আলোকিত মানুষ। মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের মতো গুণী লেখকের বই নিয়ে এখানে আড্ডা দিতে পারা আমাদের জন্য আনন্দের।’শুভসংঘের সদস্য জাহাঙ্গীর ইসলাম সাব্বির বলেন,
‘চায়ের চুমুকের সঙ্গে বই পড়ার অনুভূতিই আলাদা। এখানে যে চা খেতে আসে, সে বইয়ের প্রেমে পড়বেই।’বই আড্ডায় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের হিসাবরক্ষক নবেল আহমেদ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোকলেছুর রহমান, অ্যাডভোকেট ওয়ারেস আমান নুর মুকুটসহ বসুন্ধরা শুভসংঘের সদস্য শেখ মোহাম্মদ সৌরভ ও আফ্রিদি হাসান নীরব।
এনএম/ধ্রুবকন্ঠ