ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উন্নয়নের দায়িত্ব দিয়ে গেছেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর ছেলে তারেক রহমানের হাতে দেশের উন্নয়নের দায়িত্ব তুলে দিয়ে গেছেন।‘আজ সোমবার (৫ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত শোকসভায় এ মন্তব্য করেন তিনি।আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে বেগম খালেদা জিয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। জিয়াউর রহমানের পর বেগম জিয়া গণতন্ত্র ও উন্নয়নের যেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন, সেই ধারাবাহিকতায় তিনি তারেক রহমানের হাতে দায়িত্ব তুলে দিয়ে গেছেন।‘তিনি বলেন, ‘জিয়াউর রহমান ব্যক্তিখাত ও প্রাইভেটখাতে যে অনুপ্রেরণা দিয়েছিলেন, তা বেগম জিয়া ধারণ করে নিয়েছিলেন। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছিলেন তারা।‘ বিএনপির এই নেতা বলেন, ‘শুধু গণতন্ত্রে নয় অর্থনীতিতেও বেগম জিয়ার অবদান ছিল। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে মাল্টিসেক্টরে এগিয়ে নিয়েছেন। বেগম জিয়ার বৈদেশিকনীতি দেশকে নিয়ে গেছে সবার কাছে৷’ তিনি বলেন, ‘মৃত্যুর ৮-৯ বছর আগে বেগম জিয়া দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। যখন কেউ সংস্কারের কথা মাথায় আনেনি, তখন বেগম জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন। তারপর তারেক রহমানকে সঙ্গে নিয়ে ৩১ দফা দেওয়া হয়েছিলো, যেখানে ভঙ্গুর অর্থনীতিকে কীভাবে দাঁড় করানো যায়, সে বিষয়ে জানিয়েছেন।‘ বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘যে বিষয়গুলো প্রাইভেট সেক্টরে দেওয়া প্রয়োজন, সেগুলো বিএনপি ক্ষমতায় গেলে প্রাইভেটাইজেশন করা হবে। শুধু মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রেই নয়; সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকেই অর্থনৈতিকভাবে উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।‘   এনএম/ধ্রুবকন্ঠ

‘বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উন্নয়নের দায়িত্ব দিয়ে গেছেন’