প্রিন্ট এর তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা: বাবা আটকা
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি ||
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে পরিবারের সঙ্গে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় মেহেদী হাসান শুভ (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শুভ ওই গ্রামের মো. বারেক খানের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত বাবা বারেক খানকে আটক করেছে।স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের অর্থের জন্য প্রায়ই তার বাবাকে উত্যক্ত ও চাপ প্রয়োগ করতেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি নতুন মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে তিনি বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। বারেক খান ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যদের সঙ্গে শুভর তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শুভ স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে আনেন এবং তার বাবাকে প্রাণনাশের হুমকি দেন বলে জানা গেছে।পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে শুভ ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববর্তী ঝগড়া এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া চরম ক্ষোভ ও উত্তেজনা থেকে ভোররাতে ঘুমন্ত ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বারেক খান। খবর পেয়ে সকালে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত