প্রিন্ট এর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : জামায়াত আমিরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে। পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা দিয়ে দেশের সবচেয়ে বেশি বঞ্চিত ও নির্যাতিত এলাকাগুলো থেকে উন্নয়নের যাত্রা শুরু করা হবে’।আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি
বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারি, ফ্যাসিবাদ ও বিচারহীনতার সংস্কৃতি উপহার দিয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য’।তিনি আরও বলেন, ‘আমরা যদি সুযোগ পাই, তবে আমাদের হাত হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন। আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না’।জামায়াত আমির বলেন, ‘মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। এটার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। দেশে আর কাউকে ব্যাংক লুণ্ঠন করে নেতা বানানো হবে না। শেয়ার বাজার লুটপাট কিংবা বিভিন্ন প্রকল্প থেকে অর্থ চুরি করে বিদেশে পাচারের সুযোগ বন্ধ করা হবে’।এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘প্রায় ২৮ লাখ কোটি টাকা লুট ও পাচার হয়েছে। এই অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে’।বাউফল
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে এই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও জোটের নেতাকর্মীরা।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত