প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
বাথরুমে বালতির পানিতে শিশুর মৃত্যুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা দেখতে পেয়ে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত করবে।হাসপাতালে শিশুটির মা ময়না আক্তার জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকরি গ্রামে। শিশুটির বাবা ওমর ফারুক রিকশাচালক। বর্তমানে কামরাঙ্গীরচর চান মসজিদ কসাই গলির সাততলা ভবনের চারতলায় ভাড়া থাকেন।তিনি আরও জানান, সন্ধ্যার দিকে ফারজানা তার নানি মর্জিনা বেগমের সঙ্গে খেলছিল। হঠাৎ শিশুটিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে বাথরুমে গিয়ে দেখেন, পানিবোঝাই বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে আছে সে। তখন দ্রুত সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত