প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি যুবকেরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুকিরাম (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের দশটেকি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবক
সুকিরাম উপজেলার মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অংশ।প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে সুকিরামসহ স্থানীয় কয়েকজন মুরইছড়া সীমান্তের ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি এলাকায় গরু চড়াচ্ছিলেন। একপর্যায়ে সুকিরামের গরু ভারতের ১৯৯ হিরাছড়া বিএসএফ ক্যাম্পের অভ্যন্তরে ঢুকে পড়ে। গরুটি আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে সুকিরাম পিঠে গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক শারমিন ফারহানা বলেন, ‘সুকিরামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার পিঠে গুলির চিহ্ন ছিল।’কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে সুকিরাম মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এ বিষয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট
কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক সুকিরাম মারা যেতে পারেন বলে তারা ধারণা করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এমএইছ / ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত