প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
‎কুবিতে উদ্যোক্তা উন্নয়ন, সরকারি প্রণোদনা ও ঋণসুবিধা বিষয়ক মতবিনিময় সভা ‎
শারাফাত হোসাইন নাবা ||
তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা সরকারি প্রণোদনা ও ১০ লাখ টাকা ঋণসুবিধাসহ সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও অর্থায়নের সুযোগ সম্পর্কে জানাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এ প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন।ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, উদ্যোগের ধরন, অর্থায়ন প্রক্রিয়া, উদ্যোক্তা হওয়ার যোগ্যতা, আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংকঋণ পরিশোধের নিয়মাবলি নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘একটি দেশের প্রাণ হচ্ছে তরুণরা। তরুণদের দক্ষ জনশক্তি ও মানবসম্পদে রূপান্তর করতে পারলে তাঁদের নেতৃত্বেই একদিন দেশের অর্থনীতি উন্নত হবে। একজন তরুণ পড়াশোনা শেষ করার পরপরই চাকরির পেছনে ছোটেন। সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করতে গিয়ে কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট হয়।’তিনি আরও বলেন, ‘যাঁরা কাজ করবেন, তাঁদের সম্মান ও মূল্যায়ন করতে হবে। কেউ কাজ না করে অলস সময় কাটালে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার প্রবণতা তৈরি হতে পারে। সর্বোপরি, একজন উদ্যোক্তার জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার পথ আরও সহজ করতে হবে।’প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভিশন নিয়ে সরকার পরিচালনা করছেন, তার অন্যতম মৌলিক লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। বেকারত্ব দেশের অর্থনীতিকে শিথিল করে দেয়। গতকাল একটি সংবাদে দেখেছি, বাংলাদেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার রয়েছেন। একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হলো গ্র্যাজুয়েটদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।’তিনি আরও বলেন, ‘যাঁরা উদ্যোক্তা হবেন, তাঁদের আমরা ক্যাম্পাসে বিনা ভাড়ায় জমি দেব। এ ছাড়া নতুন ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা, ওয়াটার প্ল্যান্ট স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও ব্যবসা চালুর সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।’মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকদের উদ্দেশে উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে অন্যতম প্রধান বাধা চক্রবৃদ্ধি হারে সুদ। ঋণের সুদ যেন সহজলভ্য ও সহনীয় হয়, সে বিষয়ে আপনাদের প্রতি আহ্বান জানাই।’সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে দেশের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ব্যাংকের বিভিন্ন পর্যায়ের যেসব কর্মকর্তা উপস্থিত রয়েছেন, তাঁদের প্রতি আমাদের অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সহজ শর্তে প্রণোদনা ও ঋণ পেতে পারেন, সে বিষয়ে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন।’
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত