প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তারা আজীবন বিনা বার্ষিক ফিতে পাবেন ক্রেডিট কার্ড
মোঃ এরশাদ , টাঙ্গাইল প্রতিনিধি ||
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজীবন বিনা বার্ষিক ফিতে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সুবিধা চালু করতে পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪৫ দিন সুদমুক্ত লেনদেন, দেশ-বিদেশে কেনাকাটা, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড় ও ক্যাশব্যাকসহ নানা ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে।রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং পূবালী ব্যাংকের পক্ষে হেড অব কার্ড বিজনেস এন. এম. ফিরোজ কামাল এতে স্বাক্ষর করেন।সমঝোতা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। কার্ডের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সর্বোচ্চ ৪৫ দিন সুদমুক্ত লেনদেন, ৫০০টির বেশি মার্চেন্ট প্রতিষ্ঠানে ছাড়, নির্দিষ্ট রেস্টুরেন্টে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এবং এক হাজারের বেশি পার্টনার প্রতিষ্ঠানে শূন্য শতাংশ ইএমআই সুবিধা। এ ছাড়া চিকিৎসা ব্যয়ে ৭ শতাংশ হারে হেলথ ইএমআই, আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ, বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ এবং সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে পূবালী ব্যাংকের গ্রিন লাউঞ্জ ব্যবহারের সুবিধাও রয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এ ছাড়া পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল এবং টাঙ্গাইল অঞ্চলের প্রধান ও ডিজিএম মো. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি সব সময় আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করি। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গেই আমরা সমঝোতা করতে আগ্রহী। ইতোমধ্যে পূবালী ব্যাংক আমাদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছি। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা চিকিৎসাসেবায় উপকৃত হবে।’পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার বিষয়ে আমরা পরবর্তীতে চেষ্টা করব। পাশাপাশি শিক্ষা, গবেষণা, ল্যাব ও একাডেমিক কার্যক্রমসহ সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে চাই। শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণপ্রাপ্তির প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েও আমরা কাজ করতে আগ্রহী।’এদিকে, অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার কক্ষে তিন দিনব্যাপী পূবালী ব্যাংকের অস্থায়ী ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সংশ্লিষ্টদের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত