প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
রাইজুল ইসলাম , জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর সংশ্লিষ্ট ধারায় করা এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রেজওয়ান আহম্মেদকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বোমা নিক্ষেপের ঘটনায় আসামির সম্পৃক্ততা থাকতে পারে ,কোথায় কোথায় ককটেল ও বোমা নিক্ষেপ করা হয়েছে, কোথায় বিস্ফোরক মজুত রয়েছে এবং এসব ঘটনায় কারা জড়িত, তা জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের সঙ্গে আসামির নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে তথ্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, রেজওয়ান আহম্মেদ একজন নিয়মিত শিক্ষার্থী। তিনি এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং বর্তমানে তার পরীক্ষা চলছে। এ অবস্থায় তাকে রিমান্ডে নেওয়া হলে তার শিক্ষাজীবন ব্যাহত হবে। তাই তার শিক্ষার্থী পরিচয় ও পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন দেওয়ার আবেদন জানান তিনি।আসামিপক্ষের আইনজীবী আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সুমন সরদার প্রথমে রেজওয়ানকে আটক করেন। সুমন সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ওই ঘটনা ধামাচাপা দিতেই রেজওয়ানকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসামির জামিন মঞ্জুর এবং পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুরের জন্য আদালতের কাছে অনুরোধ জানান আসামিপক্ষের আইনজীবী।তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রেজওয়ান আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত