প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
শারাফাত হোসাইন নাবা ||
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সম্প্রতি বিভিন্ন নিবন্ধিত সংগঠনের পক্ষ থেকেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করা হয়েছে।এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নোটিশে গঠনমূলক সমালোচনাকে উৎসাহিত করার কথা উল্লেখ করা হয়েছে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে এডমিনের পরিচয়হীন পেইজ থেকে সাইবার বুলিং ও মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সকলকে সতর্ক করতে আমরা এই নোটিশ দিয়েছি। এরপরও যদি কেউ সতর্ক না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে বসে সিদ্ধান্ত নিব।”
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত