প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
‎কুবি শিক্ষার্থীর সেমিস্টার ফি পরিশোধে সহযোগিতা করলেন ছাত্রদলের আহ্বায়ক শুভ ‎
শারাফাত হোসাইন নাবা ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর সেমিস্টার ফি পরিশোধে আর্থিক সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাঁর প্রতিনিধিদের মাধ্যমে ওই শিক্ষার্থীর কাছে প্রয়োজনীয় অর্থ সহযোগিতা পাঠানো হয়।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী সেমিস্টার ফি পরিশোধের শেষ সময় ঘনিয়ে এলেও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছিলেন না। পরে বিষয়টি মোস্তাফিজুর রহমান শুভকে জানানো হলে তিনি ওই শিক্ষার্থীর সেমিস্টার ফি পরিশোধে আর্থিক সহযোগিতা করেন। তবে সহযোগিতা পাওয়া শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করতে অনাগ্রহ প্রকাশ করেন শুভ। তিনি জানান, শিক্ষার্থীর সম্মানের কথা বিবেচনা করেই তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আমি প্রায়ই চেষ্টা করি শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমার সামর্থ্য অনুযায়ী যখন যে আবেদন আসে, তা সমাধানের চেষ্টা করি। গত পরশুদিন একজন শিক্ষার্থী তার সমস্যার কথা আমাকে জানালে আজ আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে তার পাশে দাঁড়াতে আর্থিক সহযোগিতা পাঠিয়েছি। আমি তার সফলতা কামনা করি।”তিনি আরও বলেন, “এর আগেও অনেক শিক্ষার্থীর বই কেনা, ভর্তি সহায়তা ও আবাসন সংকট নিরসনে কাজ করেছি। ইনশাআল্লাহ, যতদিন আছি, চেষ্টা করব শিক্ষার্থীদের পাশে থাকার। পাশাপাশি অন্যদেরও যেকোনো মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করব।”
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত