প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, ব্যবহারিক প্রশিক্ষণ ও গবেষণায় ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ মাভাবিপ্রবির
মোঃ এরশাদ , টাঙ্গাইল প্রতিনিধি ||
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ব্যবহারিক প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানে বাস্তব কর্মঅভিজ্ঞতা ও গবেষণার সুযোগ বাড়াতে ওয়ালটনের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়ালটন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।পরিদর্শনকালে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতাসহ বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনের মধ্যে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।আলোচনায় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ব্যবহারিক প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন এবং গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়।অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের কর্মপরিবেশ, প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে তাদের জ্ঞান আরও কার্যকর হবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন সহজ হবে।’তিনি আরও বলেন, ‘মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ তৈরি করতে চায়। দেশের প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারিত করা সম্ভব।’প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা ওয়ালটনের বিভিন্ন কার্যক্রম কাছ থেকে দেখা, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সঙ্গে ওয়ালটনের প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হতে পারে।বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনের মধ্যে এ উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষা, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণার মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত