প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
‘সাংবাদিকতা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানিত পেশা’: টুকু
মোঃ এরশাদ , টাঙ্গাইল প্রতিনিধি ||
‘সাংবাদিকতা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানিত পেশা। সমাজ ও দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’—বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি কনভেনশন সেন্টারে ইংরেজি জাতীয় দৈনিক টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশ ও জাতির উন্নয়নে রাজনীতিবিদদের যেমন ২৪ ঘণ্টা কাজ করতে হয়, তেমনি সাংবাদিকরাও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, সব পক্ষের বক্তব্য তুলে ধরা এবং কোনো ধরনের পক্ষপাত এড়িয়ে চলা জরুরি।তিনি বলেন, পরিবর্তিত সময়, পাঠকের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টাইমস অব বাংলাদেশ আরও শক্তিশালী সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রতিমন্ত্রী বলেন, তিনি নিয়মিত টাইমস অব বাংলাদেশ পড়েন। পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইন অন্য পত্রিকার তুলনায় ব্যতিক্রম। এক বছরের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আগামী দিনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে টাইমস অব বাংলাদেশ পাঠকের আস্থা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে টাইমস অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এক বছরের মধ্যেই দল-মত নির্বিশেষে সব শ্রেণির পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইনও পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে।তিনি জানান, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের ডিএফপির তালিকায় টাইমস অব বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। এক বছরের পথচলায় দেশের সব জেলা ও উপজেলায় পাঠকদের কাছে পত্রিকাটি পৌঁছে দিতে সক্ষম হয়েছেন তারা। আগামী দিনে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।টাইমস অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু এবং টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন ও গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি রুমি আক্তার পলি। সহযোগিতায় ছিলেন টাইমস অব বাংলাদেশ-এর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃএরশাদ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু অতিথিদের সঙ্গে নিয়ে টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত