প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
বাকৃবিতে টিম উৎসবের বিশেষ আয়োজন শ্রাবণ বিদায়ে মেঘ বলছে যাব যাবা
মোঃ আবু হানিফ , বাকৃবি প্রতিনিধি ||
বর্ষাকে বিদায় জানাতে ‘মেঘ বলছে যাব যাব’ শীর্ষক বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন টিম উৎসব। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়।আয়োজকরা জানান, বাংলার সংস্কৃতি, বর্ষার সৌন্দর্য, লোকঐতিহ্য ও তারুণ্যের সৃজনশীলতাকে একসূত্রে ধারণ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজনকে ঘিরে টিএসসি প্রাঙ্গণে বসে ১২টি স্টল। এসব স্টলে বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি ও কসমেটিকসসহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। এছাড়া অনুষ্ঠানজুড়ে ছিল গান, নাচ, আবৃত্তি ও নাট্য পরিবেশনা নিয়ে “মেঘের মঞ্চ” ঐতিহ্যবাহী “খেঁকশিয়ালের বিয়ে” পরিবেশনা, কাগজের নৌকা ভাসানোসহ নানা আয়োজন। এসব আয়োজন ঘিরে বিকেল থেকেই টিএসসি মুক্তমঞ্চ ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজর দুই শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগ করতে এসে বলেন, প্রায়শই এই ক্যাম্পাসে আসা হয়। আমার বান্ধবীরা এই ক্যাম্পাসের। ভালো কোন প্রোগ্রামে তারা আমাদের আমন্ত্রণ করে। আজ তারা এই প্রোগ্রাম উপলক্ষে আসতে বলেছে তাই আমরা এসেছি। বেশ ভালো উপভোগ করছি।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসা এক শিক্ষার্থী বলেন, ‘টিম উৎসবের আগের আয়োজনগুলোও আমি দেখেছি এবং সেগুলো বেশ ভালো লেগেছিল। তাদের আয়োজনে একটি সুন্দর পরিকল্পনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সেই ভালো লাগা থেকেই আজকের আয়োজনটি দেখতে এসেছি। আয়োজনের নামকরণ প্রসঙ্গে টিম উৎসবের সাধারণ সম্পাদক যাহ্'রা তাসনীম আদিবা বলেন, প্রথম শুনলে মনে হতে পারে, রবীন্দ্রনাথের কোনো বিখ্যাত গানের লাইন লিখতে গিয়ে আমরা হয়তো ভুল করেছি। আসলে বিষয়টি এমন নয়। বাংলা বছরের শ্রাবণ মাস প্রায় শেষের দিকে। সেই ভাবনা থেকেই রবীন্দ্রনাথের বিখ্যাত লাইনটিকে একটু পরিমার্জন করে আমাদের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজন কিছুটা কমে এসেছে। তাই আমরা চেষ্টা করছি একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতে। টিম উৎসবের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে। টিম উৎসব নিজেদের সক্ষমতায় এ আয়োজন করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা করেছে।তিনি বলেন আরও বলেন, পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, সাংবাদিকতাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এটি একটি ভালো উদ্যোগ। বিশেষ করে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন কীভাবে কাজ করে, সে সম্পর্কে ধারণা পাবে এবং নিজেদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত