প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
নোবিপ্রবির বর্তমান উপাচার্যকে অপসারণ, নিজস্ব শিক্ষকদের থেকে উপাচার্য চায় শিক্ষার্থীরাা
নোবিপ্রবি প্রতিনিধি ||
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বর্তমান উপাচার্যকে অপসারণ করে 'নিজস্ব শিক্ষকদের' মধ্য থেকে যোগ্য ও সৎ ব্যক্তিকে উপাচার্য এবং উপ-উপাচার্য, ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান বলেন, বিগত বছরগুলোতে বাইরে থেকে আসা উপাচার্যদের কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যাগুলো যথাযথভাবে সমাধান হয়নি। বরং সেশনজট, আবাসন সংকট এবং গবেষণার সুযোগের অভাবে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে কেউ নেতৃত্বে থাকলে তিনি প্রতিষ্ঠানের নাড়ি-নক্ষত্র এবং শিক্ষার্থীদের সমস্যার গভীরতা ভালো বুঝবেন।ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফ হাসান বলেন, বর্তমান ভিসি স্বজনপ্রীতি ও একটি বিশেষ দলের লোকজন নিয়োগের কারণে উনার এই পদে দায়িত্বে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে আজকে ২০ বছর এবং আমাদের এখানে যথেষ্ট যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও প্রশাসনিকভাবে দক্ষ নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই পরবর্তী উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার নিয়োগ দিতে হবে। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মেধা, সততা এবং গবেষণামূলক কাজের অভিজ্ঞতাই হতে হবে প্রধান মাপকাঠি।আইসিই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাফি- বলেন, নিজস্ব বিশ্ববিদ্যালয় থেক নতুন উপাচার্যকে নিয়োগের ফলে শিক্ষার্থীরা সেশনজট থেকে মুক্তি পাবে এবং আবাসন সংকটের দ্রুত সমাধান নিশ্চিত করতে পারবে বলে আমরা আশাবাদী। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে গবেষণায় বাজেট বৃদ্ধি ও ল্যাবরেটরি উন্নয়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা কোনো বিশেষ ব্যক্তির পক্ষ নিচ্ছি না, বরং আমরা চাই এমন একজন অভিভাবক যিনি আমাদের এই ক্যাম্পাসকে নিজের মনে করে ভালোবাসবেন। নিজস্ব শিক্ষকরাই পারবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রাখতে।এই শিক্ষার্থী আরো বলেন, শিক্ষা মন্ত্রনালয় উপাচার্য নিয়োগে ছয় সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছে তাদের কাছে আমাদের অনুরোধ বর্তমান উপাচার্যকে অতি শিগগিরই অপসারণ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক। যদি আমাদের এই যৌক্তিক দাবি উপেক্ষা করে পুনরায় বাইরে থেকে কাউকে ভিসি হিসেবে চাপিয়ে দেওয়া হয়, তবে আমরারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত