প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
যশোরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপনা
সাহরিয়ার রাগিব, যশোর প্রতিনিধি ||
যশোরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হচ্ছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের প্রথম প্রহর থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ।ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর যশোর শহরের মনিহার এলাকায় অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্তম্ভটি উন্মুক্ত করে দেওয়া হয়। একে একে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুহূর্তেই ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি।বেলা বাড়ার সাথে সাথে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। সকাল ৯টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত। সেখানে পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সালাম গ্রহণ করেন জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে: দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা। জেলা হাসপাতাল, শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্র ও কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন।যশোরের রাজপথ আজ জাতীয় পতাকায় শোভিত। সাধারণ মানুষের পদচারণায় মুখর জেলা শহর ও উপজেলা সদরগুলো।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত