প্রিন্ট এর তারিখ : ১৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
যশোরে বিজিবির অভিযান: পৌনে ১০ কোটি টাকার মাদক ও পণ্য জব্দা
সাহরিয়ার রাগিব, যশোর প্রতিনিধি ||
যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পৃথক সব অভিযানে এসব পণ্য উদ্ধার করে। জব্দকৃত মাদক ও পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আজ বিশেষ টহল পরিচালনা করা হয়। যশোর ব্যাটালিয়নের আওতাধীন হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে অত্যন্ত দামি ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ১ কেজি ৫০০ গ্রাম, ২ বোতল এলএসডি (প্রতিটি ১০০ মিলিলিটার), ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল উইনসারেক্স কফ সিরাপ।মাদক ছাড়াও অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ৯৬০টি বিভিন্ন ধরনের ওষুধ, ৫ হাজার ১২৫টি চকলেট, ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী এবং ১ কেজি আমসত্ত্ব। এছাড়া পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিবিজিএম, পিএসসি) গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজ এই বিশাল পরিমাণ পণ্য আটক করা সম্ভব হয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধ কারবারিদের দমনে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত